প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় বাতিল, সরকারের পক্ষে আপিল বিভাগের রায়

প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় বাতিল, সরকারের পক্ষে আপিল বিভাগের রায়

দীর্ঘদিন ধরে শূন্য থাকা দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ এ রায় দেন।

রায়ের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, সরকার ২০১৩ সালে ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহণ করে। এরপর সরকার একটি আইন প্রণয়ন করে। ওই আইন অনুযায়ী অধিগ্রহণকৃত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাই সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন।

তিনি বলেন, ওই আইনের একটি বিধানে উল্লেখ ছিল, যারা সরাসরি নিয়োগপ্রাপ্ত হবেন, তাঁদের জ্যেষ্ঠতার ক্রম (সিনিয়রিটি) উপরে থাকবে। এই বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পর হাইকোর্ট আইনটির ওই অংশ বাতিল ঘোষণা করেন।

পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করলে আজ আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করেন।

এর ফলে দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা রইল না এবং সরকার নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে পারবে।