বঙ্গভবনে অফিস করলেন অস্থায়ী রাষ্ট্রপতি
স্টাফ রিপোর্টার, ঢাকা, ২৮ জুলাই।
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে প্রবেশ করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সকাল ১১টার কিছু সময় পর বঙ্গভবনে পৌঁছালে তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তারা। এরপর বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন অস্থায়ী রাষ্ট্রপতি। এরপর দাপ্তরিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করার কথা রয়েছে তার। পরে দরবার হলসহ বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন তিনি।সবশেষে যোহরের নামাজ আদায় শেষে দুপুর দেড়টার দিকে বঙ্গভবন ত্যাগ করার কথা রয়েছে অস্থায়ী রাষ্ট্রপতির। এর আগে গত ২৪ জুলাই অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।
